03/09/2026
বিশ্বখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ২ মাসের উচ্চতর কোর্সে আমন্ত্রিত অধ্যক্ষ মাওলানা জিয়াউল হক
বিশ্বের অন্যতম প্রাচীন ও খ্যাতনামা ইসলামী বিদ্যাপীঠ মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তর্জাতিক মানের উচ্চতর প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন অধ্যক্ষ মাওলানা জিয়াউল হক।
জানা যায়, আল-আজহার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ২ মাসব্যাপী বিশেষ উচ্চতর কোর্সে অংশগ্রহণের জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন মহল থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ জানানো হয়েছে।
অধ্যক্ষ মাওলানা জিয়াউল হক কক্সবাজার মা'হাদ আন-নিবরাসের প্রতিষ্ঠাতা পরিচালক। পাশাপাশি তিনি কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী, জাতীয় শিক্ষক ফোরাম, কক্সবাজার জেলা শাখার সভাপতি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে ২০১৯ সালে সৌদি সরকারের আমন্ত্রণে মক্কা মুকাররমায় রাবেতা আল-আলম আল-ইসলামী আয়োজিত ‘রাবেতা কনফারেন্স’-এ অংশগ্রহণ করেন তিনি। এবার মিশরের ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক উচ্চতর কোর্সে আমন্ত্রণ পাওয়াকে তার শিক্ষা ও দাওয়াহ কার্যক্রমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সংশ্লিষ্টদের মতে, এই সফরে আল-আজহারের একাডেমিক পরিবেশ ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি মুসলিম বিশ্বের বিশিষ্ট আলেম-স্কলারদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে মুসলিম বিশ্বের সমসাময়িক বিভিন্ন বিষয়, রীতিনীতি ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে সফরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অধ্যক্ষ মাওলানা জিয়াউল হকের এই আন্তর্জাতিক শিক্ষা সফরকে দ্বীনের জন্য বরকতময় ও কল্যাণকর হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে শুভাকাঙ্ক্ষীরা তার সুস্বাস্থ্য, নিরাপদ সফর ও সার্বিক সাফল্যের জন্য দোয়া কামনা করেছেন।
আল্লাহ তাআলা তাঁর এই ইলমি সফর কবুল করুন, সফরকে নিরাপদ ও সফল করুন এবং অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশ, সমাজ ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজে লাগানোর তাওফিক দান করুন। আমিন।