06/09/2021
"কবি নাফিক আব্দুল্লাহ এর গণ পাঠাগার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ লেখনী"
গণপাঠাগার গণমানুষের সর্বোচ্চ বিদ্যাপীঠ
Library of the people,by the people and for the people অর্থাৎ জনগণের, জনগণের দ্বারা এবং জনগণের জন্যে প্রতিষ্ঠিত গ্রন্থাগার।
গ্রন্থাগার ব্যক্তি,সমাজ,দেশ ও জাতির দর্পণ হিসেবে পরিগণিত হয়। সভ্যতার ইতিহাসে যেকোনো জাতির আত্মোন্নতি, আত্মোপলব্ধি, আত্মশুদ্ধি, আত্মসম্মানের ভীত তৈরি করে পঠন- পাঠনের গভীরতা। আর এ পঠন- পাঠনের আকর ভূমি হলো গ্রন্থাগার।
মানুষের চিন্তাধারা ও ভাব বিনিময়ের প্রধান বাহন কিন্তু গ্রন্থ বা বই। মহামূল্যমান গ্রন্থ দিয়ে যে আলয় সাজানো হয় তা গ্রন্থাগারের রূপ পরিগ্রহ করে। ফলে আমরা তাকে গ্রন্থাগার বলে থাকি।
Library শব্দটি ল্যাটিন শব্দ liber (যার অর্থ কলদীয়রা গাছের ছাল) আসলেও এর ব্যবহারিক অর্থ হলো সেই স্থান যেখানে সমাজের সকলের জন্য গ্রন্থ সংগৃহীত থাকে। এবং যে কেউ প্রয়োজন মতো ব্যবহার করতে পারে। এই সত্যকে মূল প্রতিপাদ্য করে একদল ত্যাগী ও সম্ভাবনাময়ী তরুণ ( উদ্যোক্তা ইয়াছিন আরাফাত,এনায়েত উল্লাহ, মোহাম্মদ হোসাইন, মোহাম্মদ ফায়সাল) এবং সহযোগিতায় সৈয়দ আলম,আবুল ফয়েজ, মাহবুবনেওয়াজ মুন্না,রিদুয়ান মাসুদ, রুবেল, শফিউল্লাহ, রবিউল আলম, মোহাম্মদ রফিক তাদের ঐকান্তিক চেষ্টা,মেধা ও শ্রম দিয়ে " সাবরাং গণপাঠাগার ও সাংস্কৃতিক সংসদ " নামাঙ্কিত জ্ঞানের বাতিঘরে জ্ঞানের আলো প্রজ্জ্বলিত করে। তাই আমার মেধা ও মননভিত্তিক চিন্তাধারা থেকে তাদের কৃতজ্ঞচিত্তে সাধুবাদ জানাই।
আসলে এই একদল তরুণ এমন কী করেছে সেটা সকলের ভাবার বিষয় নয় কী? তারা প্রত্যেকে এক একটি আলোকবর্তিকা নিয়ে আমাকে,আপনাকে, সমাজ,দেশ এবং জাতিকে মেধা- মনন- প্রজ্ঞা- বিবেক- বিবেচনা - জ্ঞান - বুদ্ধির চেরাগ নিয়ে এসে আলোকিত মানুষ হবার আহ্বান করছে। বলুন তো কেনইবা আমরা এ অভূতপূর্ব সুযোগ লুফে নেব না? মনে হয় যারপরনা চেষ্টায় সকলের সাড়া দেয়া উচিত। শুধু তাই নেয় " গ্রন্থাগার সমাজ উন্নয়নের অন্যতম শক্তিও বটে।"
আমরা জানি জ্ঞানের বাহন গ্রন্থ আর সব ধরনের পুস্তক কিনে কিংবা ধার করে পড়ে জ্ঞানের চর্চা ও পরিচর্যা খুবই দুরূহ এবং দুঃসাধ্য বৈকি? তাই গ্রন্থাগারে গিয়ে অথবা গ্রন্থাগারের নিয়মানুসরণে বই নিয়ে পড়া সবার জন্যে অধিকতর সহজ, সময় সাশ্রয়ী এবং সময়োপযোগী। একটি লাইব্রেরির কার্যক্রমকে ত্বরান্বিত ও ফলপ্রসূ করার জন্য সমাজের সচেতন মানুষকে সমবায়নীতি গ্রহণ করাটাই হবে বুদ্ধিদীপ্ত ও সার্থক সিদ্ধান্ত।
'মানব সভ্যতার ইতিহাসই প্রকৃতপক্ষে গ্রন্থাগারের ইতিহাস ' এ সত্য ও উপলব্ধিকে ধারণ ও লালন করে জাতির ভবিষ্যৎ,আগামী দিনের কর্ণধারদের মনন গঠনের জন্যে গ্রন্থাগারের যত্ন নেয়া সকলের জন্য অত্যাবশ্যকীয় হয়ে ওঠেছে।
পরিশেষে বলতে চাই,এই গ্রন্থাগার আপনাদের,আপনাদের দ্বারা,আপনাদের জন্যে প্রতিষ্ঠিত।