09/03/2026
৮ বছরের আইনি লড়াই শেষে মিথ্যা মামলায় অবশেষে খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর
আট বছর ধরে চলা বিদেশি ম*দ উদ্ধারের মামলায় অবশেষে খালাস পেয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। সোমবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসিফ আকবর নিজেই। রায় পাওয়ার পর তিনি বলেন, অভিযোগটি ছিল সম্পূর্ণ মিথ্যার ওপর প্রতিষ্ঠিত। দীর্ঘ আট বছর নিয়মিত আদালতে হাজিরা দিয়ে তিনি শুধু ন্যায়বিচারের জন্য লড়াই করেছেন এবং অবশেষে আদালতের রায়ে তিনি মুক্তি পেয়েছেন।
আসিফ আকবর আরও বলেন, তিনি একজন আইনজীবীর সন্তান। জন্ম থেকেই আদালতের নিয়মকানুনের প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে। তাই এতদিন তিনি বিষয়টি নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলেননি। এই দীর্ঘ সময় তার পরিবার, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা কষ্টে ছিলেন। অবশেষে আদালতের রায়ে সেই অপেক্ষার অবসান হয়েছে।
২০১৮ সালের ৬ জুন রাজধানীতে তার অফিস থেকে চার বোতল বিদেশি ম*দ উদ্ধারের অভিযোগ ওঠে। পরে ২০১৯ সালের ২৩ জুলাই তেজগাঁও থানায় লাইসেন্স ছাড়া মদ রাখার অভিযোগে মামলা করা হয়। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হয় এবং ২০২৪ সালের নভেম্বর মাসে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অবশেষে সোমবার আদালত এ মামলার রায় ঘোষণা করেন।
দীর্ঘ আইনি লড়াই শেষে খালাস পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন এই জনপ্রিয় সংগীতশিল্পী।
#আসিফআকবর