20/05/2026
২০/০৫/২০২৬
প্রেস বিজ্ঞপ্তি
অবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অসংবেদনশীল প্রক্টরের পদত্যাগ চাই
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণচেষ্টা ও অপরাধীকে আইনের আওতায় এনে ক্যাম্পাস নিরাপদ করতে ব্যর্থ জাবি প্রশাসন
গত ১৩ মে, ২০২৬ বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এক নারী শিক্ষার্থী ধর্ষণচেষ্টার শিকার হন। অপরাধী শনাক্ত করতে ভিক্টিম প্রক্টরের সহায়তা নিতে গেলে প্রক্টর সেখানে অসংবেদনশীল মন্তব্য করেন। এই ঘটনায় ভিক্টিমসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
আজ ২০ মে, ২০২৬ ইং বুধবার, সংবাদমাধ্যমকে দেওয়া একটি যৌথ বিবৃতিতে গণতান্ত্রিক ছাত্র জোট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ জাবি প্রশাসনের এই বিচারহীনতার তীব্র নিন্দা জানিয়ে বলেন, "এটি সারাদেশে ক্রমবর্ধমান নারী হেনস্থার ও ধর্ষণের বিচারহীনতারই ধারাবাহিকতা। এই ধারাবাহিক বিচারহীনতা দেশের আইন শৃঙ্খলা ও বিচারব্যবস্থার ভঙ্গুরতা ও পক্ষপাতীত্বকেই দেখিয়ে দেয়।"
বক্তারা বলেন, "অভ্যুত্থান পরবর্তী সময়ে ইন্টেরিম আমলে বাংলাদেশের ভিন্নমতধারার মানুষদের পাশাপাশি নারীদের উপর লৈঙ্গিক দমন পীড়নের ঘটনা ঘটেছে। সমস্ত ক্ষেত্রেই নারীদের অবমূল্যায়ন ঘটেছে। গ্রাম, শহর, বস্তি, কারখানা, পরিবার, অফিস, স্কুল-কলেজ, শ্রমিক এলাকা সহ দেশের প্রত্যেকটি রাস্তা, ফুটপাথ আজ যেন ছাত্রী, শিক্ষিকা, শিশু, নারী শ্রমিক, কিষানী, কিংবা পেশাজীবী নারীহেনস্থার উল্লাসমঞ্চ! ভোকাল নারীদের বহিষ্কার এবং অফলাইন ও অনলাইন হেনস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টরদের জড়িত থাকতে দেখা গেছে ইন্টেরিম সরকারের আমলে। এমনকি বাল্যবিবাহকে জনপরিসরে বৈধতা দেওয়া নির্দিষ্ট মতধারার মানুষদের বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি বিএনপি সরকারের আমলেও। এ সবকিছুই ফ্যাসিস্ট আওয়ামী আমলের ধারাবাহিকতারই আরও নিকৃষ্টতম রূপ। বিগত জাতীয় নির্বাচনেও আমরা দেখলাম, নারীর প্রতি মধ্যযুগীয় দৃষ্টিভঙ্গির অধিকারী নারীবিদ্বেষী ব্যক্তিরা সংসদে আসন পেতে বসেছে। আমরা দেখছি, এই সমস্তকিছুর ধারাবাহিকতাই মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ধর্ষণচেষ্টা। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো বরাবরই সন্ত্রাসীদের আশ্রয়কেন্দ্র হয়েছে। এবারও প্রশাসনের বিলম্ব সেদিকটিরই ইঙ্গিত দিচ্ছে।"
বক্তারা আরও বলেন, "জাহাঙ্গীরনগরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিসমূহের প্রতি গণতান্ত্রিক ছাত্র জোট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা অকুণ্ঠ সমর্থন জানায়। অবিলম্বে অসংবেদনশীল ও নিরাপত্তাদানে ব্যর্থ প্রক্টরের দায়িত্ব হতে অব্যাহতি নিশ্চিত করে ন্যায়বিচারের ধারা অব্যাহত রাখতে হবে। ধর্ষণচেষ্টার আসামীকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।"
সবশেষে বক্তারা বলেন, "বিদ্যমান বুর্জোয়া সমাজবাস্তবতায় ন্যায়বিচারের একটি অর্থমূল্য আছে। ন্যায়বিচারও সম্পদশালীদের ইশারায় তার গতিমুখ বদলায়। ফলে গত ৫৪ বছর ধরে এদেশে ধনিরা ছাড়া কেউই কোনকিছুর বিচার পায়নি। ফলে বিচারব্যবস্থাকে ধনীদের নিয়ন্ত্রণমুক্ত করার লড়াইয়ে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর এগিয়ে আসা এখন সময়ের দাবি।"
বিবৃতিতে স্বাক্ষর করেন:
১. মোহাম্মদ আকিব - আহ্বায়ক, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, চবি
২. জশদ জাকির - সভাপতি, বিপ্লবী ছাত্র মৈত্রী, চবি
৩. ভুবন চাকমা - সভাপতি, পাহাড়ি ছাত্র পরিষদ, চবি
৪. চন্দনা রানী - সংগঠক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, চবি
৫. মাহিদুল ইসলাম ইবাদ - সংগঠক, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন, চবি
বার্তাপ্রেরক,
রিশাদ আমীন বর্ণ
সদস্য, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা