07/10/2026
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে হবে - নজরুল ইসলাম
কেন্দ্র ঘোষিত ডেঙ্গু সচেতনতা সপ্তাহ উপলক্ষে আন্দরকিল্লা ওয়ার্ড জামায়াতের মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
চট্টগ্রাম, ৭ অক্টোবর ২০২৬: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত ডেঙ্গু সচেতনতা সপ্তাহ উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার অন্তর্গত ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড জামায়াতের উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা জামায়াতের আমীর আমির হোসাইন। এতে সভাপতিত্ব করেন ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড জামায়াতের আমীর মুহাম্মদ ওসমান গনি এবং সঞ্চালনা করেন ওয়ার্ড সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া আলম।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ডেঙ্গু একটি জনস্বাস্থ্য সমস্যা। এ রোগ প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। বাড়ির আশপাশে, রাস্তাঘাট ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণের পাশাপাশি মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি, পরিবার, সামাজিক সংগঠন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জামায়াতে ইসলামী দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে। জনগণকে সম্পৃক্ত করে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
অভিযানে ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মশক নিধন, ময়লা-আবর্জনা অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড নায়েবে আমীর শামসুল হক সিকদার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাইফুদ্দিন খালেদ, ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শহীদ হোসেন, ওয়ার্ড জামায়াত নেতা মাওলানা মুহাম্মদ ইউসুফ, মোহাম্মদ রাসেল, মুহাম্মদ কুতুবউদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।