08/06/2026
#পদত্যাগ
নির্বাচিত হওয়ার একদিনের মাথায় বিসিবির পরিচালক থেকে পদত্যাগ করলেন এলজিআরডি প্রতিমন্ত্রীর সন্তান মীর সীমান্ত ৷
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কমিটি গঠনের মাত্র একদিনের মাথায় পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন নির্বাচিত পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির পুত্র মীর শাকরুল আলম সীমান্ত সোমবার (৮ জুন) বিসিবি সভাপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন। চিঠিতে তিনি ব্যবসায়িক ব্যস্ততার কারণ উল্লেখ করেন।
পদত্যাগপত্রে সীমান্ত বলেন, বিসিবি নির্বাচনে রাজশাহী অঞ্চল থেকে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন। তবে তার পিতা সরকারের প্রতিমন্ত্রী হওয়ায় বর্তমানে পারিবারিক ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব তার ওপর ন্যস্ত রয়েছে। এ কারণে বিসিবির মতো গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানে পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হবে না।
তিনি আরও উল্লেখ করেন, দায়িত্বশীলতার জায়গা থেকে এবং প্রতিষ্ঠানের স্বার্থ বিবেচনায় তিনি পরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তার পদত্যাগপত্র গ্রহণের জন্য বিসিবি সভাপতির প্রতি অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, রাজশাহী অঞ্চল থেকে একক প্রার্থী হওয়ায় মীর শাকরুল আলম সীমান্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক নির্বাচিত হন। তবে নির্বাচনের আগেই তিনি পরিচালক পদে দায়িত্ব পালন না করার ইচ্ছার কথা জানিয়েছিলেন। নির্বাচিত হওয়ার একদিনের মধ্যেই তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিলেন।
#শিবগঞ্জ