30/01/2026
বিদ্যানন্দপুরে নির্বাচনী কাজে বাঁধা প্রদান ও কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদলিপি
বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোহাম্মদ আবদুল জব্বারের নির্বাচনী বিলবোর্ড টানানোর কাজে বাঁধা প্রদান ও তাঁর কর্মী মোঃ এনামুল হকসহ অন্যান্যদের ওপর হামলা এবং জামায়াত কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি প্রদানের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল-৪ আসনের নির্বাচন পরিচালক এডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, কাজিরহাট থানা আমীর মাওলানা আবুল হোসেন ও থানা সেক্রেটারী কাজী লুৎফর রহমান বুধবার (২৮ জানুয়ারি) এক যৌথ বিবৃতি প্রদান করেন।
প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ২৬ জানুয়ারী রাত ৮টায় কাজিরহাট থানার বিদ্যানন্দপুর ইউনিয়নের বড় ব্রিজ বাজার সংলগ্ন ব্রিজের পাশে জামায়াতের কর্মী মোঃ এনামুল হকের নেতৃত্বে কয়েকজন মিলে বরিশাল-৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমর্থিত সংসদ সদস্য প্রার্থীর দাঁড়িপাল্লা মার্কার নির্বাচনী বিল বোর্ড টানানো কাজে গেলে বিদ্যানন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সালাম কবির সেলিম (সেলিম হাওলাদার) এর নেতৃত্বে একদল সশস্ত্র ক্যাডাররা নির্বাচনী বিল বোর্ড টানানোর কাজে বাধা প্রদান করে এবং জামায়াত কর্মীদের ওপর হামলা চালায় এতে মোঃ এনামুল হক সহ কয়েকজন আহত হয়েছে। তাঁদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। এই ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
নেতৃবৃন্দ আরও বলেন, আরপিও অনুযায়ী নির্বাচনী কাজে বাধা প্রদান একটি গুরুতর অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডের ফলে নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা সম্ভব হয় না। নির্বাচনী প্রচার-প্রচারণা চালানো অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। এই অধিকারে বাধা প্রদান গণতন্ত্রের জন্য অশনি সংকেত।
এ ঘটনায় ২৭ জানুয়ারি কাজিরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলা সভাপতি মোঃ আবু সাঈদ মুসা ও কাজিরহাট থানা জামায়াতের আমীর মাওলানা আবুল হোসেনের নেতৃত্বে ব্রিজ বাজার এলাকায় একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এর পরিপ্রেক্ষিতে ২৭ জানুয়ারি রাতে জামায়াত কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে বিএনপির কিছু কর্মী এ বিষয়ে ‘বাড়াবাড়ি’ করলে খুন-জখমের হুমকি প্রদান করে বলে অভিযোগ পাওয়া গেছে।
নেতৃবৃন্দ উক্ত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় আইন ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে বিশ্বাসী। তাই অবিলম্বে হামলাকারী ও হুমকি প্রদানকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি জোর দাবি জানাচ্ছি।