01/06/2026
মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন সিরাজুল হক, বরিশাল মহানগর জামায়াতের গভীর শোক:
বরিশালের ঐতিহ্যবাহী ও সনামধন্য প্রতিষ্ঠান 'হক জুয়েলার্স'-এর স্বত্বাধিকারী জনাব মোজাম্মেল হক সাহেবের সর্বকনিষ্ঠ পুত্র এবং স্পার্ক গ্রুপের চেয়ারম্যান জনাব এনামুল হকের ছোট ভাই, বরিশালের তরুণ ব্যবসায়ী ও সম্ভাবনাময় উদ্যোক্তা সিরাজুল হক আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আজ সকাল ৭:৪২ মিনিটে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে সেখানে ক্যান্সারের চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি চার মাসের একটি দুগ্ধপোষ্য শিশুসন্তান, স্ত্রী, পিতা-মাতা, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী ও আপনজন রেখে গেছেন।
মরহুমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর এবং বরিশাল মহানগরী জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান।
শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, মরহুমের ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তাঁর ইবাদত গুলো কবুল করুন। তাঁর জীবনের সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে নেক আমলে পরিণত করে দিন। আর শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান।
নেতৃবৃন্দ আরো বলেন, ইতোমধ্যে তিনি দুনিয়ার সফর শেষ করেছেন। শুরু হয়েছে তার অনন্তকালের সফর। এই সফরে আল্লাহ্ রাব্বুল আলামীন তার একান্ত সাহায্যকারী হোন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও শান্তিময় করে দিন। আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।