26/08/2026
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী
----
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বাংলাদেশ সহ সারাবিশ্বের মুসলমানদের আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি।
মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের স্মৃতি বিজড়িত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) সারাবিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন। মহানবী (সা.) পৃথিবীতে এসেছিলেন তওহিদের মহান বাণী নিয়ে। সব ধরনের কুসংস্কার, অন্যায়, অবিচার, পাপাচার ও দাসত্বের শৃঙ্খল ভেঙে মানবজাতির চিরমুক্তির বার্তা নিয়ে এসেছিলেন তিনি। মানবজাতিকে তিনি মুক্তি ও শান্তির পথে আসার আহ্বান জানিয়ে অন্ধকার যুগের অবসান ঘটিয়ে সত্যের আলো জ্বালিয়েছেন।
ধর্মীয় ও পার্থিব জীবনে প্রিয়নবী (সা.) এর অনুপম জীবনাদর্শ, তাঁর সর্বজনীন শিক্ষা ও সুন্নাহর অনুসরণ এবং ইবাদতের মাধ্যমেই বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, শান্তি, ন্যায়, সমতাভিত্তিক সমাজ গঠন এবং মানবকল্যাণ নিশ্চিত হতে পারে বলে আমি মনে করি। অন্যান্য ধর্মের মানুষদের প্রতি তাঁর শ্রদ্ধা, মহানুভবতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ অনন্য নজির হিসেবে স্বীকৃত, যা আমাদের জন্য অনুসরণীয়। সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি তিনি নারীর মর্যাদা ও অধিকার, শ্রমের মর্যাদা এবং মনিবের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে স্পষ্ট ভাষায় দিকনির্দেশনা দিয়েছেন।
আজকের দ্বন্দ্ব-সংঘাতময় বিশ্বে মহানবী (সা.) এর নীতি, আদর্শ ও বিচক্ষণতা সংঘাত-সংঘর্ষ-যুদ্ধ নিরসনে সহায়ক ভূমিকা রাখতে পারে। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর অনবদ্য ভূমিকা এবং তাঁর অমিত সাহস, ধৈর্য ও বিচক্ষণতা তখনকার মানুষকে যেমন বিমুগ্ধ করেছিল, তেমনি অনাগত মানুষদের জন্যও শান্তি প্রতিষ্ঠার আদর্শ ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
মহানবী (সা.) এর জীবনাদর্শ আমাদের সবার জীবনকে আলোকিত করুক, আমাদের চলার পথের পাথেয় হোক, মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
আঁধার কেটে ভোর হোক
বাংলাদেশ চিরজীবী হোক।